বিয়ের তিন দিন পরই না ফেরার দেশে যুবক, স্বপ্নভঙ্গ নবদম্পতির
ঠাকুরগাঁওয়ে বিয়ের আনন্দ শেষ হতে না হতেই নেমে এলো শোকের ছায়া। বিয়ের মাত্র তিন দিনের মাথায় অসুস্থ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোক।
পারিবারিক সূত্রে জানা যায়, রুহিয়া এলাকার বাসিন্দা ও স্থানীয় ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত জুয়েল রানা গত ১৯ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন। নতুন জীবন শুরু করে নববধূকে নিয়ে বাড়িতে ফেরার পর পরিবারের সদস্যদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বাড়ি ফেরার কিছু সময় পর তিনি হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হন। দ্রুত তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরের একটি বিশেষায়িত হৃদরোগ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২২ জুন) সকালে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন, বন্ধু ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়।
মাত্র কয়েকদিন আগেও যে পরিবারে বিয়ের আনন্দ-উৎসব ছিল, সেই বাড়িতেই এখন শোকের মাতম। নববধূর নতুন সংসারের স্বপ্ন মুহূর্তেই ভেঙে যায় এই আকস্মিক ঘটনায়।
জুয়েল রানার মৃত্যুতে পরিবার, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকে।

























