টিমোথি শ্যালামে ও সেলেনা গোমেজ এবার অ্যানিমেশন চলচ্চিত্রে
হলিউডের জনপ্রিয় দুই তারকা টিমোথি শ্যালামে ও সেলেনা গোমেজ আবারও এক প্রকল্পে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। তবে এবার তাদের পর্দায় দেখা যাবে না; নতুন অ্যানিমেশন চলচ্চিত্র ‘নট অ্যালোন’-এ কণ্ঠাভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে হাজির হবেন তারা।
প্রভাবশালী অ্যানিমেশন প্রযোজনা প্রতিষ্ঠান ইলুমিনেশনের নতুন এই চলচ্চিত্রে প্রধান দুই চরিত্রে কণ্ঠ দেবেন টিমোথি ও সেলেনা। এর আগে ২০১৯ সালে ‘আ রেইনি ডে ইন নিউ ইয়র্ক’ চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। সাত বছর পর আবারও একই প্রজেক্টে যুক্ত হলেন এই দুই তারকা।
বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, ‘নট অ্যালোন’ হবে টিমোথি শ্যালামের প্রথম অ্যানিমেশন চলচ্চিত্র। ছবিতে তিনি জো নামের এক অন্তর্মুখী রকেট মেকানিকের চরিত্রে কণ্ঠ দেবেন, যে শান্ত ও একাকী জীবনযাপন করতে পছন্দ করে।
অন্যদিকে সেলেনা গোমেজ কণ্ঠ দেবেন ফ্রান চরিত্রে। তিনি একজন মেধাবী অ্যাস্ট্রো-বোটানিস্ট, যিনি বিশ্বের প্রথম উদ্ভিদ-জ্বালানিচালিত রকেট তৈরির প্রকল্পে কাজ করছেন।
চলচ্চিত্রের গল্পে দেখা যাবে, যুগান্তকারী একটি রকেট উৎক্ষেপণের প্রস্তুতির সময় জো ও ফ্রান একে অপরের কাছাকাছি আসে। তবে তাদের সম্পর্ক নতুন মোড় নেয় যখন ডাঙ্ক, ওয়েলি ও শির্ম নামের তিন দুষ্টু কিন্তু আদুরে ভিনগ্রহবাসী জোর বাড়িতে আশ্রয় নেয়।
ছবিটিতে আরও কণ্ঠ দেবেন রব ব্রাইডন, ডায়ান মরগান, জেমি ডিমেট্রু এবং ব্রেট গোল্ডস্টেন। একাধিক অভিজ্ঞ অ্যানিমেশন নির্মাতার যৌথ পরিচালনায় নির্মিত হচ্ছে ছবিটি। প্রযোজকের দায়িত্বে রয়েছেন ক্রিস মেলেদান্দ্রি।
‘নট অ্যালোন’ আগামী বছরের ১৬ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।

























