বান্দরবানের লামা উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা
“করিব মোরা ফল চাষ, সংরক্ষণ করিব বারোমাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলার মাধ্যমে দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকের অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
রোববার (২৮ জুন) সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বক্তারা বলেন, দেশের কৃষি অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে ফল চাষের বিকল্প নেই। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা, কৃষকের আয় বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশীয় ফলের উৎপাদন ও সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিতে হবে। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ফলের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কৃষি বিভাগের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তাঁরা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ফল চাষে কৃষকদের আরও উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদ সর্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমির হোসেন আমু, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব।
এ ছাড়া স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এলাকার কৃষক এবং সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।
তিন দিনব্যাপী এ ফল মেলায় দেশীয় বিভিন্ন প্রজাতির মৌসুমি ফল, উন্নত জাতের ফলদ চারা, আধুনিক কৃষি প্রযুক্তি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন সেবামূলক কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ মেলার মাধ্যমে ফল চাষে কৃষকদের আগ্রহ বাড়বে, নিরাপদ ফল উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।





















