ফিলিস্তিনকে জয় উৎসর্গ করলেন মিসরের কোচ
অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে ইতিহাসের প্রথম জয় তুলে নিয়েছে মিসর। এই ঐতিহাসিক সাফল্য ফিলিস্তিনের জনগণের উদ্দেশে উৎসর্গ করেছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। জয়ের পর আরব বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ফিলিস্তিনেও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
শুক্রবার ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতা ছিল। পরে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করে মিসর।
টাইব্রেকারে অস্ট্রেলিয়ার হ্যারি সাউতার ও লুকাস হেরিংটন নিজেদের শট লক্ষ্যভ্রষ্ট করলে মিসরের হয়ে জয়সূচক স্পট-কিক থেকে গোল করেন হোসাম আবদেলমাগুইদ। এই জয়ে শেষ ষোলোতে ওঠে মিসর, যেখানে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা অথবা কেপ ভার্দে।
ম্যাচের ১৩তম মিনিটে ইমাম আশুরের হেডে এগিয়ে যায় মিসর। তবে দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে মোহামেদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। এরপর অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হোসাম হাসান বলেন, “আল্লাহ তাদের (ফিলিস্তিনিদের) বিজয় দান করুন। আল্লাহ তাদের শহীদদের প্রতি রহম করুন।”
তিনি আরও বলেন, “আমি এই বিজয় মিসরের জনগণ এবং ফিলিস্তিনের জনগণ—সেই দয়ালু ও সম্মানিত মানুষদের—উৎসর্গ করছি।”
জয় নিশ্চিত হওয়ার পর মিসর ও ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে প্রবেশ করেন হাসান। পরে পুরো দল একসঙ্গে মাঠে সিজদায় লুটিয়ে পড়ে ঐতিহাসিক এই সাফল্য উদযাপন করে। বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের প্রথম ম্যাচেই প্রথম জয় পাওয়ায় এটি মিসরের ফুটবল ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকল।

























