২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরগঞ্জে প্রশাসনের সবুজায়ন উদ্যোগ
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভায় বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর ১২টায় ঈশ্বরগঞ্জ পৌর ঈদগাহ মাঠে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সরকারের সবুজায়ন কর্মসূচি সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, “গাছ মানুষের অকৃত্রিম বন্ধু। একটি গাছ রোপণ মানে একটি প্রাণ বাঁচানো।” তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ আঙিনা ও অব্যবহৃত জমিতে গাছ লাগানোর আহ্বান জানান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া বলেন, শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের পরিচর্যা নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় এ ধরনের সচেতনতা ধারাবাহিকভাবে বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে পৌর এলাকার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির চারাগাছ রোপণ করা হয়। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।





















