অনুপ্রবেশকালে মিয়ানমারের ৮ নাগরিক আটক
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের আট নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ জুলাই) দুপুরে ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৪১ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন গাছবুনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবি জানায়, আটক ব্যক্তিরা নিজেদের মিয়ানমারের নাগরিক বলে পরিচয় দিয়েছেন। পরে শুক্রবার সন্ধ্যায় তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, আটক ব্যক্তিরা মিয়ানমারের নাগরিক হলেও তারা দেশটির কোনো বাহিনীর সদস্য কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আটক ব্যক্তিরা হলেন—মংবা তংচংগা (৩৪), মংম (২০), কিংলা থুয়াইং (২১), রুপার (১৯), থাইংসা মং (৪০), তুলি (২০), তানতানাইং (২০) এবং নাইং (২০)। তাদের সবার বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার ডেকিবুনিয়া এলাকায়।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে মংবা তংচংগা নিজেকে বাংলাদেশি দাবি করে একটি জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ দেখান। তবে নথিপত্র যাচাই করে সেগুলোর সঙ্গে তার পরিচয়ের কোনো মিল পাওয়া যায়নি।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল বলেন, বিজিবির কাছ থেকে আটজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি তারা মিয়ানমারের কোনো নিরাপত্তা বাহিনীর সদস্য কি না, সেটিও যাচাই করা হবে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে প্রাণ বাঁচাতে তারা কাঁটাতারের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন এবং গাছবুনিয়া এলাকায় আশ্রয় নেন। খবর পেয়ে রেজুপাড়া বিওপির বিজিবি টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।























