ইতিহাসে প্রথমবার ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল প্রথমবারের মতো একসঙ্গে জায়গা করে নিয়েছে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনার শেষ চার নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে গড়ে উঠেছে এই অনন্য নজির।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে সেমিফাইনালে ওঠেনি। এবার সেই বিরল কীর্তি গড়েছে বর্তমান র্যাঙ্কিংয়ের এক নম্বর আর্জেন্টিনা, দুই নম্বর স্পেন, তিন নম্বর ফ্রান্স এবং চার নম্বর ইংল্যান্ড।
সেমিফাইনালে ওঠা প্রথম দল ছিল ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে তারা মরক্কোকে ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে। এরপর বেলজিয়ামকে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনালের টিকিট কাটে স্পেন। আরেক কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় ইংল্যান্ড।সবশেষে সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়ে সেমিফাইনালের শেষ টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। এর মধ্য দিয়েই বিশ্বকাপে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে সেমিফাইনালে ওঠার ইতিহাস সৃষ্টি হয়।
এই কীর্তির পেছনে ২০২৬ বিশ্বকাপের নতুন ড্র পদ্ধতিরও ভূমিকা রয়েছে। টুর্নামেন্টের ড্রয়ে শীর্ষ দলগুলোকে আলাদা কোয়াড্রেন্টে রাখা হয়েছিল, যাতে তারা সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি না হয়। তবে এই সুবিধা পেতে হলে প্রতিটি দলকে নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে হয়েছে, যা চার দলই সফলভাবে অর্জন করেছে।
ফিফা ১৯৯৪ সালে বিশ্ব র্যাঙ্কিং চালু করার পর অতীতের কোনো বিশ্বকাপেই এমন ঘটনা ঘটেনি। বরং ২০১৪ সালে স্পেন, ২০১৮ সালে জার্মানি এবং ২০২২ সালে বেলজিয়াম শীর্ষ চারে থেকেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল।ইতিহাস গড়া এই আসরের প্রথম সেমিফাইনালে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। অন্যদিকে বুধবার দ্বিতীয় সেমিফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা।


























