নাটোরের সিংড়ায় নদীতে গোসল করতে নেমে শিশুর মর্মান্তিক মৃত্যু
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ৮ ঘণ্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
নিহত শিশু ছোট চৌগ্রাম গ্রামের সোনাপাড়া মহল্লার আব্দুল খলিলের মেয়ে সুরভী খাতুন (৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির পাশে নদীতে গোসল করতে নামে সুরভী। একপর্যায়ে সে পানিতে তলিয়ে গেলে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে ডুবুরি দল ঘটনাস্থলে এসে দীর্ঘ সময় উদ্ধার অভিযান পরিচালনা করে। প্রায় ৮ ঘণ্টা চেষ্টার পর নদী থেকে সুরভীর মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে।
এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নদী-নালা ও জলাশয়ের পাশে শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।





















