মীরসরাইয়ে রাতের আঁধারে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ
চট্টগ্রামের মীরসরাইয়ের বাড়ি ফেরার পথে সাংবাদিক কামরুল ইসলামের (৩০) ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার করেরহাট বাজারের লক্ষ্মীছড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
আহত সাংবাদিক কামরুল ইসলাম বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভি ও দৈনিক জাতীয় অর্থনীতি মীরসরাই উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাতে বাড়ি ফেরার পথে করেরহাট বাজার এলাকায় একদল দুর্বৃত্ত কামরুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে মারধর করে সঙ্গে থাকা একটি স্মার্টফোন, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট বিএম হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। হামলায় তাঁর মাথা ও বুকে আঘাত লাগে বলে জানা গেছে।
আহত সাংবাদিক কামরুল ইসলাম অভিযোগ করে বলেন, “মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে দৈনিক পত্রিকায় ‘মীরসরাইয়ে গাড়ি আটকিয়ে চাঁদা আদায়ের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর মাদক ও চাঁদাবাজ চক্র সংঘবদ্ধ হয়ে রাতের আঁধারে আমার ওপর হামলা চালিয়েছে।”
এর আগে গত ১ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বারইয়ারহাট-রামগড় সড়কের করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস গেট এলাকায় ফটিকছড়ি ও রামগড় থেকে বালুবাহী পিকআপ ও ট্রাক আটকিয়ে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে। স্থানীয় সূত্র ও চালকদের অভিযোগ, বৈধ ঘাট থেকে বালু পরিবহনের স্লিপ দেখানোর পরও কয়েকটি গাড়ি থেকে ৫০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়েছে।
এ ঘটনায় বারইয়ারহাট পৌরসভার সহকারী স্যানিটারি ইন্সপেক্টর ও ইউনিয়ন বিএনপির সমন্বয়ক ফজলুল মুরাদসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গত রাতে জোরারগঞ্জ থানায় ফজলুল মুরাদ, জামসেদ আলম ফারুক, মো. উদ্দিন, মো. তারেক, মাসুদ, সাইফুল ইসলাম পারভেজসহ অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন কামরুল ইসলাম।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, “হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
























