৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে প্রকাশ্য পদ্ধতিতে
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ব্যালটের গোপনীয়তার চেয়ে স্বচ্ছতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে কোন ভোটার কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন, তা ভোটকক্ষে উপস্থিত অন্যদের কাছেও দৃশ্যমান থাকবে।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনী কর্তা’ এ এম এম নাসির উদ্দীন।
সিইসি জানান, নির্বাচন কমিশন, জাতীয় সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সমন্বয়ে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের সব আইনগত ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাধারণত নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব সাংবাদিকদের ব্রিফ করলেও রাষ্ট্রপতি নির্বাচনে ‘নির্বাচনী কর্তা’ হিসেবে সিইসির ওপর দায়িত্ব থাকায় তিনি নিজেই সার্বিক প্রস্তুতি তুলে ধরছেন।
১৯৯১ সালের পর প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট
সিইসি বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর একই দিন ক্যাবিনেট ডিভিশন থেকে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়। এরপর সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
১৯৯১ সালের পর সংসদীয় পদ্ধতিতে এবারই প্রথম একাধিক প্রার্থীর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ সময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন না হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতায় কিছুটা ঘাটতি থাকলেও প্রয়োজনীয় মহড়া ও প্রশিক্ষণের মাধ্যমে তা কাটিয়ে ওঠা হয়েছে বলে জানান সিইসি।
দুই প্রার্থী চূড়ান্ত
জাতীয় সংসদ নিয়মিত অধিবেশনে না থাকায় রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী সিইসি নিজেই সংসদ সদস্যদের বৈঠকের আহ্বান জানান। গত ১১ আগস্ট এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়।
সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনটি মনোনয়নপত্র জমা পড়ে।
এর মধ্যে ১১ দলীয় ঐক্যের পক্ষে ড. অলি আহমদের নামে দুটি এবং বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনটিই বৈধ ঘোষণা করা হয়। একই প্রার্থীর দুটি বৈধ মনোনয়নপত্রের একটি অতিরিক্ত হিসেবে গণ্য হওয়ায় চূড়ান্তভাবে দুই প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেননি।
ভোটার ৩৪৯ জন
সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন। সংসদীয় আসনের সাধারণ ক্রম অনুসারে ভোটার তালিকায় কিছুটা ভিন্নতা থাকলেও সংসদের ‘বিভক্তি নম্বর’ অনুযায়ী ভোটগ্রহণ পরিচালনা করা হবে।
চট্টগ্রাম-৪ আসনের উপনির্বাচন বা আসন শূন্য থাকার কারণে বিভক্তি নম্বরে কিছুটা ধারাবাহিকতার ব্যত্যয় রয়েছে। তবে আইন অনুযায়ী তা সমাধান করা হয়েছে।
ভোট ২০ আগস্ট
আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং সংসদ সদস্যরা ভোটার হিসেবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার পরপরই ভোট গণনা শুরু হবে। গণনা শেষে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সিইসি নিজেই।
ভোট হবে প্রকাশ্য পদ্ধতিতে
সিইসি জানান, পুরো ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ভোটার ও প্রার্থীদের নাম ব্যালট পত্রে স্পষ্টভাবে উল্লেখ থাকবে। ফলে একজন ভোটার কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন, তা ভোটকক্ষে উপস্থিত অন্যদের কাছেও দৃশ্যমান হবে।
নির্বাচন চলাকালীন এবং ভোট গণনার সময় সংসদ সদস্যরা কক্ষে উপস্থিত থাকতে পারবেন। ভিআইপি ভোটারদের ভোটদান এবং ভোট গণনার পর্ব বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রচারণা নিষিদ্ধ
সিইসি বলেন, সংসদ ভবনের ভেতরের পরিবেশ ও বিধিমালা বজায় রাখার দায়িত্ব স্পিকারের। তবে ভোটের দিন সংসদ ভবনের ভেতরে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।
রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে অতিরিক্ত বা কোটি কোটি টাকা ব্যয়ের যে খবর ছড়িয়েছে, তা গুজব বলেও মন্তব্য করেন সিইসি। সংসদ সদস্যদের বৈঠক আয়োজন এবং প্রয়োজনীয় ব্যালট ও স্টেশনারি ছাড়া কমিশনের বড় ধরনের অতিরিক্ত ব্যয় বা পৃথক বাজেট তৈরি হয়নি বলে জানান তিনি।
গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে দেশ ও আন্তর্জাতিক মহল এই নির্বাচনের দিকে বিশেষ নজর রাখছে উল্লেখ করে সিইসি নাসির উদ্দীন আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় নির্বাচন কমিশন একটি সুন্দর, স্বচ্ছ ও ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন জাতিকে উপহার দিতে সক্ষম হবে।


























