সুনামগঞ্জে বসতঘর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১
সুনামগঞ্জ সদর উপজেলার নোয়াগাঁও কলাইয়া এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তির বসতঘর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মো. ইছাক আলী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার নোয়াগাঁও কলাইয়া গ্রামে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, সুনামগঞ্জ ‘খ’ সার্কেল।
গ্রেপ্তারকৃত ইছাক আলী নোয়াগাঁও, কলাইয়া গ্রামের মৃত দিদার মিয়ার ছেলে।
অভিযানের সময় তার নিজ দখলীয় বসতঘর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ডিএনসি সূত্রে জানা যায়, উদ্ধার করা গাঁজা জব্দ করে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) সারণির ক্রমিক নং ১৯(ক) ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপ-পরিদর্শক মো. আতাউর রহমান সজীব বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


























