সোনাগাজীতে নারী-পুরুষকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন, নারীসহ গ্রেপ্তার ৩
ফেনীর সোনাগাজীতে পরকীয়ার অপবাদ দিয়ে চার সন্তানের জননী এক নারী ও দুই সন্তানের জনক এক পুরুষকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতনের ঘটনায় এক নারীসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সোনাগাজী পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের চরগণেশ গ্রামের ওমর ফারুকের ছেলে শাহ জালাল বাবর, সৈয়দ আহমদের ছেলে হাসান এবং আবু বক্কর ছিদ্দিকের স্ত্রী শুক্কুরের নেছা।
পুলিশ সূত্রে জানা যায়, পরকীয়ার অপবাদ দিয়ে ওই নারী ও পুরুষকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করা হয়। ঘটনার বিষয়টি জানাজানি হলে পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তিনজনকে বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
























