বিশ্বকাপের চ্যাম্পিয়নরা কি আসল ট্রফি পায় নাকি রেপ্লিকা?
ফিফা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে এবার। ৪৮ দলের এই টুর্নামেন্টে ফেভারিট দল ব্রাজিল, স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনার মতো দলগুলো। আকাঙ্ক্ষিত ট্রফি হাতে নেওয়ার মিশনে নামবে তারা। আগামী ১৯ জুলাই নিউ ইয়র্কের নিউ জার্সিতে যে কোনো এক দল উঁচিয়ে ধরবে সোনালি রঙয়ের ট্রফি। অনেকের কৌতূহল আছে, চ্যাম্পিয়ন দল কি আসল ট্রফি পায় নাকি রেপ্লিকা?
উত্তর হলো, ফিফা বিশ্বকাপ জয়ী দলগুলো আসল ট্রফিটি নিজেদের কাছে রাখার সুযোগ পায় না। বিশ্বকাপ ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দল মাঠে আসল ট্রফি নিয়ে সাময়িকভাবে উদযাপন করলেও আনুষ্ঠানিক উদযাপনের পরপরই আসল ট্রফিটি নিরাপত্তার খাতিরে ফিরিয়ে নেওয়া হয় এবং চ্যাম্পিয়ন দলকে এর পরিবর্তে বিজয়ী দেশের নাম খোদাই করা সোনা জড়ানো ব্রোঞ্জ-অ্যালয়ের (পিতল) একটি হুবহু ‘রেপ্লিকা’ বা প্রতিকৃতি ট্রফি দেওয়া হয়।

মূল ট্রফিটি, যা আসল সোনা দিয়ে তৈরি এবং এর গায়ে সব বিশ্বকাপ জয়ীর নাম খোদাই করা থাকে, তা সারা বছর সুইজারল্যান্ডের জুরিখে ফিফার ফুটবল জাদুঘরে সংরক্ষিত থাকে। তবে বিশ্বকাপ চলাকালীন বিভিন্ন ট্যুর বা আনুষ্ঠানিক প্রদর্শনীতে এটি ব্যবহার করা হয়।
আসল বিশ্বকাপ ট্রফিটি জুল রিমে ট্রফি নামে পরিচিত ছিল। ফরাসি ভাস্কর আবেল লাফ্লুর এটির নকশা করেছিলেন এবং এতে প্রাচীন গ্রীক বিজয়ের দেবী ‘নাইকি’-এর অবয়ব ফুটিয়ে তোলা হয়েছিল।
বিশ্বকাপ ট্রফি নেবে ফ্রান্স, সবচেয়ে বড় ফ্লপ দল হবে ব্রাজিল
ট্রফিটি ৩৫ সেন্টিমিটার (১৩.৮ ইঞ্চি) লম্বা এবং এর ওজন ছিল ৩.৮ কেজি (৮.৪ পাউন্ড)। এটি সোনা জড়ানো রুপা দিয়ে তৈরি করা হয়েছিল।
তৎকালীন টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ১৯৭০ সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতার পর ব্রাজিল চিরতরে জুল রিমে ট্রফিটি নিজেদের করে পায়। পরবর্তীতে ট্রফিটি ব্রাজিলের একটি জাদুঘরে রাখা হয়েছিল।
জুল রিমে ট্রফি যুগে বিশ্বকাপ জেতা দলগুলো হলো উরুগুয়ে (১৯৩০ ও ১৯৫০), ইতালি (১৯৩৪ ও ১৯৩৮), জার্মানি (১৯৫৪), ব্রাজিল (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০) ও ইংল্যান্ড (১৯৬৬)।
১৯৭০ সালের টুর্নামেন্টের পর একটি নতুন ট্রফি চালু করা হয়। ১৯৭১ সালে ইতালীয় ভাস্কর সিলভিও গাজ্জানিগা এটির নকশা করেন। বর্তমান ফিফা বিশ্বকাপ ট্রফিটি ১৯৭৪ সালের টুর্নামেন্ট থেকে দেওয়া হচ্ছে এবং এটি ইতালিভিত্তিক প্রতিষ্ঠান ‘জিডিই বার্টোনি’ তৈরি করে থাকে।
১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি এই ট্রফিটিতে দুজন বিজয়ী মানুষের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে, যারা হাত দিয়ে পুরো পৃথিবীটাকে ধরে রেখেছেন। ট্রফিটি ৩৬.৮ সেন্টিমিটার (১৪.৫ ইঞ্চি) লম্বা এবং এর ওজন ৬.২ কেজি (১৩.৭ পাউন্ড)।
বর্তমান ট্রফিটি চালু হওয়ার পর থেকে বিশ্বকাপ জেতা দল হলো জার্মানি (১৯৭৪, ১৯৯০ ও ২০১৪), আর্জেন্টিনা (১৯৭৮, ১৯৮৬ ও ২০২২), ইতালি (১৯৮২ ও ২০০৬), ব্রাজিল (১৯৯৪ ও ২০০২), ফ্রান্স (১৯৯৮ ও ২০১৮) ও স্পেন (২০১০)।





















