লালপুরে ইটভাটা শিল্প রক্ষায় সংবাদ সম্মেলন, ইউএনও ও ডিসি বরাবর স্মারকলিপি
নাটোরের লালপুর উপজেলায় ইটভাটা শিল্প রক্ষা, লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজীকরণ এবং সংশ্লিষ্ট শ্রমিকদের কর্মসংস্থান সংরক্ষণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় লালপুর ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে লালপুর উপজেলা ইট প্রস্তুতকারী ভাটা মালিক সমিতির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, লালপুর উপজেলার অর্থনীতিতে ইটভাটা শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজারো শ্রমিক, কর্মচারী, পরিবহন শ্রমিক, কাঁচামাল সরবরাহকারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা জড়িত। ইটভাটাকে কেন্দ্র করে অসংখ্য পরিবার তাদের জীবিকা নির্বাহ করছে।
বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন প্রশাসনিক জটিলতা, কাঁচামাল সংগ্রহে প্রতিবন্ধকতা এবং লাইসেন্স নবায়ন সংক্রান্ত জটিলতার কারণে উপজেলার ইটভাটাগুলো বর্তমানে সংকটের মুখে পড়েছে। এতে একদিকে ভাটা মালিকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, অন্যদিকে বিপুল সংখ্যক শ্রমিকের কর্মসংস্থান হুমকির মুখে পড়ছে।
তারা বলেন, পরিবেশগত বিধি-বিধান ও প্রচলিত আইন মেনে পরিচালিত বৈধ ইটভাটাগুলোর লাইসেন্স নবায়ন এবং কার্যক্রম পরিচালনার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে বৈধভাবে কাঁচামাল সংগ্রহ ও পরিবহনের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করারও দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, সরকার নির্ধারিত কর, ভ্যাট ও অন্যান্য রাজস্ব নিয়মিত পরিশোধ করেও ভাটা মালিকরা নানা জটিলতার সম্মুখীন হচ্ছেন। কোনো ইটভাটা বন্ধের সিদ্ধান্ত গ্রহণের আগে সংশ্লিষ্ট শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা ইট প্রস্তুতকারী ভাটা মালিক সমিতির সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ আলী, দপ্তর সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আসাদুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
সংবাদ সম্মেলন শেষে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নাটোর জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বক্তারা ইটভাটা শিল্প টিকিয়ে রাখা এবং শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

























