ডিবির অভিযান, ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের চুনি হারি মোড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ২৪ জুন ডিবির একটি দল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির কাছ থেকে ১৩০ পিস ইয়াবা, নগদ ২৪ হাজার ৮৫০ টাকা, দুটি মোবাইল ফোন এবং একটি চার্জারচালিত ভ্যান জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার ঝিকরা (দলুয়া) গ্রামের হারুন অর রশিদ (৪৫) এবং পূর্ব বড়গাছিয়া (বালিয়া হাট) এলাকার দুলাল হোসেন (২৯)।
পুলিশের দাবি, হারুন অর রশিদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে।
অভিযানটি জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুলের নেতৃত্বে পরিচালিত হয়।
ওসি এটিএম গোলাম রসুল বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক কারবারিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।























