ভেনিস চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা পাচ্ছেন জর্জ ক্লুনি
হলিউডের জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক জর্জ ক্লুনিকে ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘গোল্ডেন লায়ন ফর লাইফটাইম অ্যাচিভমেন্ট’ সম্মাননায় ভূষিত করা হবে। অভিনয়জীবনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য উৎসবে তাকে এ সম্মাননা দেওয়া হবে।
উৎসবের আয়োজকদের এক বিবৃতিতে বলা হয়, অতীতের হলিউড তারকাদের জৌলুস, অসাধারণ পেশাদারিত্ব এবং আধুনিক সংবেদনশীলতার অনন্য সমন্বয় ঘটিয়েছেন জর্জ ক্লুনি। ‘থ্রি কিংস’, ‘সিরিয়ানা’, ‘মাইকেল ক্লেটন’ এবং ‘ওশানস ইলেভেন’-এর মতো ভিন্নধর্মী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ক্লুনি বলেন, ভেনিসে তার অসংখ্য স্মরণীয় মুহূর্ত রয়েছে এবং এটি তার সবচেয়ে প্রিয় চলচ্চিত্র উৎসব। এখান থেকে ‘গোল্ডেন লায়ন’ পাওয়া তার জন্য বড় সম্মানের। রসিকতা করে তিনি বলেন, “সম্ভবত এর মানে আমি এখন বুড়ো হয়ে গেছি, তবু এই সম্মান আমি আনন্দের সঙ্গে গ্রহণ করছি।”
জর্জ ক্লুনি অস্কারের ইতিহাসেও একটি বিরল কীর্তির অধিকারী। তিনি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা অভিযোজিত চিত্রনাট্য—এই ছয়টি ভিন্ন বিভাগে মনোনয়ন পাওয়া হাতে গোনা কয়েকজন শিল্পীর একজন।
ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিচালক আলবার্তো বারবারা বলেন, অভিনেতা, পরিচালক ও প্রযোজক—তিন ভূমিকাতেই জর্জ ক্লুনি অসাধারণ ক্যারিশমার পরিচয় দিয়েছেন। তার নিষ্ঠা, সৃজনশীলতা এবং মৌলিক দৃষ্টিভঙ্গি তাকে সমসাময়িক বিশ্ব সিনেমার অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছে।

























