জৈন্তাপুরে ভারতীয় চোরাই চা-পাতা ও পিকআপ জব্দ, আটক ১
সিলেটের জৈন্তাপুরে বিশেষ অভিযানে ৬০০ কেজি ভারতীয় চোরাই চা-পাতা ও একটি এইচ-২ (H2) পিকআপ জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় মো. শাহাবুদ্দিন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লার নির্দেশনায় এসআই বিদ্যুৎ পুরুকায়স্থ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত খাদ্য গুদামের সামনে কানাইঘাটগামী পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে একটি এইচ-২ (H2) পিকআপে তল্লাশি চালিয়ে ৬০০ কেজি ভারতীয় চোরাই চা-পাতা জব্দ করা হয়। এ সময় মো. শাহাবুদ্দিন (২৬) নামে একজনকে আটক করা হয়।
তিনি কানাইঘাট উপজেলার নয়াখেল উত্তর গ্রামের মো. ইসলাম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, জব্দকৃত চা-পাতার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, “সিলেট জেলার মান্যবর পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জৈন্তাপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চোরাচালান, মাদক ও সকল ধরনের অপরাধ দমনে জৈন্তাপুর মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”তিনি আরও জানান, আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে।

























