সিরাজগঞ্জে র্যাবের অভিযানে ৩০৬ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ২
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় র্যাব-১২ এর অভিযানে ৩০৬ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল ও স্ক্যাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও ১৪ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব-১২, সিরাজগঞ্জের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে অধিনায়কের নির্দেশনায় সদর কোম্পানির একটি আভিযানিক দল ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে হরিণচড়া এলাকায় ফুড ভিলেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক পরিবহনের সময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২৬২ বোতল ফেয়ারডিল ও ৪৪ বোতল স্ক্যাফ সিরাপ, মাদক বিক্রির ১৪ হাজার টাকা এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মুসলিম নগর এলাকার মৃত মসলেম মণ্ডলের ছেলে মো. রবিউল ইসলাম (৫৪) এবং একই উপজেলার মিলেরপাড় এলাকার মৃত আসাদুল মেকারের ছেলে মো. তহিদুল ইসলাম (৩৮)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাইক্রোবাসে করে ফেয়ারডিল ও স্ক্যাফ সিরাপ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
মো. ছাইদুল ইসলাম (আবির)
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

























