মহাদেবপুরে মামলার সাক্ষীকে কুপিয়ে জখম: এলাকায় আতঙ্ক
নওগাঁর মহাদেবপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মামলার সাক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৬ জুলাই) রাত ১১টার দিকে চক হরি বল্লভ আবাসন প্রকল্পের গেটের সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত যুবকের নাম মো. রাজু আহমেদ।
ভুক্তভোগীর দেওয়া এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুন চক হরি বল্লভ আবাসন এলাকায় মাদক সেবন ও বিক্রয়ের সময় অভিযুক্ত মো. সাইফ (২৬), মো. রাসেল (৩০) ও মো. শহিদুল ইসলামকে (৩০) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন। ওই ঘটনায় থানায় একটি মামলা (মামলা নম্বর-১৭) দায়ের করা হয়, যা বর্তমানে চলমান।
অভিযোগ রয়েছে, মামলা দায়েরের পর থেকেই আসামিরা বাদী ও সাক্ষীদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায়, গতকাল ৬ জুলাই রাত ৯:৩০ মিনিটের দিকে অভিযুক্তরা আবাসন এলাকায় পুনরায় মাদক সেবন ও বিক্রয়ের চেষ্টা করলে রাজু আহমেদ তাদের নিষেধ করেন। এ সময় তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।
পরবর্তীতে রাত ১১টার দিকে রাজু আহমেদ বাড়ি ফেরার পথে মহাদেবপুর-নজিপুর পাকা রাস্তায় পৌঁছালে অভিযুক্তরা একটি চার্জার গাড়ি থেকে নেমে অতর্কিতভাবে তাকে ধারালো চাকু দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পরপরই হামলাকারীরা চার্জার গাড়িযোগে দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী মো. রাজু আহমেদ মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।






















