ব্যানার-ফেস্টুন নয় প্রধানমন্ত্রীর সংবর্ধনায় ৪০ কি.মি. ‘মানবপ্রাচীর’
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে গেছেন তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তিনি গৌরনদীতে পৌঁছান। সফরকালে গৌরনদী ও বরিশাল সদরে বিভিন্ন সামাজিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বরিশালবাসী ব্যতিক্রমী আয়োজন করেছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কোনো তোরণ, ব্যানার বা ফেস্টুন ছাড়াই গৌরনদী থেকে বরিশাল পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কজুড়ে মানবপ্রাচীর তৈরি করে তাকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তারেক রহমানের প্রথম বরিশাল সফর। এ কারণে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তবে জনদুর্ভোগ এড়াতে সব আয়োজন ছিল সাদামাটা ও শৃঙ্খলাপূর্ণ।
সোমবার সকাল ৬টার দিকে রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা দিয়ে সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদীতে পৌঁছান প্রধানমন্ত্রী।
সফরের শুরুতেই তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সেখানে একযোগে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া সফরসূচিতে যুক্ত হওয়া ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশা, সফরের মাধ্যমে বরিশালের উন্নয়ন পরিকল্পনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে।























