টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল খেলার অনন্য কীর্তি গড়লো আর্জেন্টিনা
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এই জয়ের মধ্য দিয়ে ফুটবল ইতিহাসে আরেকটি গৌরবময় অধ্যায় যোগ করল লিওনেল স্কালোনির দল। টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠে বিশ্ব ফুটবলের অভিজাত তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করেছে আলবিসেলেস্তেরা।
২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর এবারও শিরোপা নির্ধারণী মঞ্চে উঠেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ইতিহাসে এটি তাদের দ্বিতীয়বারের মতো টানা দুই আসরের ফাইনালে ওঠার কীর্তি। এর আগে ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপেও পরপর ফাইনাল খেলেছিল আর্জেন্টাইনরা।
বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত টানা তিনটি ফাইনাল খেলার বিরল রেকর্ড রয়েছে মাত্র দুটি দলের—
জার্মানি: ১৯৮২, ১৯৮৬ ও ১৯৯০
ব্রাজিল: ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২
অন্যদিকে, টানা দুই বিশ্বকাপ ফাইনাল খেলার কীর্তি গড়েছে যে দলগুলো—
ইতালি (১৯৩৪ ও ১৯৩৮)
ব্রাজিল (১৯৫৮ ও ১৯৬২)
নেদারল্যান্ডস (১৯৭৪ ও ১৯৭৮)
ফ্রান্স (২০১৮ ও ২০২২)
আর্জেন্টিনা (১৯৮৬ ও ১৯৯০; ২০২২ ও ২০২৬)
এবারের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। শিরোপা ধরে রাখার পাশাপাশি টানা দুই বিশ্বকাপ জয়ের বিরল কীর্তি গড়ার সুযোগ রয়েছে লিওনেল মেসি ও লিওনেল স্কালোনির দলের সামনে।
ফাইনালে জয় পেলে আর্জেন্টিনা শুধু শিরোপা ধরে রাখবেই না, বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সফল দল হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে।




















