পেলের সেই জার্সি বিক্রি হলো রেকর্ড দামে
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে পরা ঐতিহাসিক জার্সিটি রেকর্ড ৪.৯ মিলিয়ন মার্কিন ডলারে নিলামে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৫৭ কোটি টাকা। এটি পেলের কোনো স্মারক সামগ্রীর মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রির নতুন রেকর্ড।
বিশ্বখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবি জানিয়েছে, নিউইয়র্কে অনুষ্ঠিত নিলামে জার্সিটি কিনতে সংগ্রাহকদের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা দেখা যায়। পাঁচজনের বেশি বিডার মোট ১০টি দরপ্রস্তাব দেন। শেষ পর্যন্ত রেকর্ডমূল্যে বিক্রি হয় ফুটবল ইতিহাসের অন্যতম মূল্যবান এই স্মারক।
মাত্র ১৭ বছর বয়সে ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপের ফাইনালে এই জার্সি গায়েই মাঠে নেমেছিলেন পেলে। সেই ম্যাচে স্বাগতিক সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে ব্রাজিলকে ৫-২ ব্যবধানে জয় এনে দেন তিনি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে সেলেসাওরা। একই সঙ্গে বিশ্বকাপ ফাইনালে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েন পেলে, যা আজও অক্ষুণ্ন রয়েছে।
১৯৫৮ বিশ্বকাপে অভিষেকেই ছয় গোল করে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছিলেন এডসন আরান্তেস দো নাসিমেন্তো, যিনি সারা বিশ্বে ‘পেলে’ নামেই পরিচিত। ২০২২ সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোথবির ভাষ্য অনুযায়ী, ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের মুহূর্তগুলো ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বেশি পুনর্মুদ্রিত ছবিগুলোর অন্যতম। আর সেই ঐতিহাসিক মুহূর্তে পেলের গায়ে ছিল এই জার্সিটিই, যা এর ঐতিহাসিক ও সংগ্রহযোগ্য মূল্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
উল্লেখযোগ্যভাবে, একই জার্সিটি ২০০৪ সালেও একবার নিলামে উঠেছিল। তখন এর দাম উঠেছিল ৭০ হাজার ৫০৫ পাউন্ড, যা সে সময় প্রায় ১ লাখ ৫ হাজার ৬০০ মার্কিন ডলারের সমান ছিল। দুই দশকের ব্যবধানে সেই জার্সির মূল্য কয়েক ডজন গুণ বেড়ে যাওয়া ফুটবল কিংবদন্তি পেলের উত্তরাধিকার ও জনপ্রিয়তারই প্রতিফলন।
সূত্র: রয়টার্স

























