সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এক্সিওস (Axios)। শনিবার (১৮ জুলাই) মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় চার মাস পর সৌদি আরবের ভেতরে এটি ইরানের প্রথম সরাসরি হামলার ঘটনা। এ হামলার জেরে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামলার পর সৌদি আরবের আল-খারজ ও ইয়ানবু শহরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করে দেশটির সিভিল ডিফেন্স। তবে পরিস্থিতি পর্যবেক্ষণের পর কর্তৃপক্ষ জানায়, তাৎক্ষণিক বিপদ কেটে গেছে এবং সংশ্লিষ্ট এলাকাগুলোর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
তবে হামলার লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে কি না, কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না—এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে সর্বশেষ সরাসরি হামলার অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে।
রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় সৌদি আরবের সরকার, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) কিংবা ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি।



























