জুলাই সনদ বাস্তবায়ন বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অপ্রয়োজনীয় বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত এবং আলোচনার মাধ্যমেই এর সমাধান সম্ভব।
রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই আন্দোলন দেশের জন্য নতুন রাষ্ট্র গঠনের একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
এ সময় মির্জা ফখরুল বিরোধীদলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আলোচনার মাধ্যমেই সব মতপার্থক্যের সমাধান সম্ভব।
তিনি আরও বলেন, “আমাদের আস্থা ও বিশ্বাস আছে, আমরা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারব। বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সরকার সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছে।”
অনুষ্ঠানে সাংবাদিকদের অবদানের কথা স্মরণ করে জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপরও গুরুত্বারোপ করা হয়।


























