গোপালগঞ্জের কাশিয়ানীতে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে একজন আটক
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য পোস্ট করার অভিযোগে জগলুল হায়দার শাহিন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) দুপুরের দিকে উপজেলার পোনা মোল্লাপাড়া গ্রামে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এলাকার আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের একটি দল তার কাছে ঘটনার ব্যাখ্যা জানতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতির ঘটনাও ঘটে।
খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ তাজউদ্দিন আহম্মদ গণমাধ্যমকে জানান, “কোনো ব্যক্তি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।”
পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


























