সিংড়ায় দরিদ্র পরিবারের মুখে হাসি ২৫টি সেলাই মেশিন, ২২টি তারা টু নলকূপ ও ৭ লাখ টাকার চেক বিতরণ
নাটোরের সিংড়া উপজেলায় দরিদ্র ও অসহায় পরিবারের জীবনমান উন্নয়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় ২৫টি সেলাই মেশিন, ২২টি তারা-২ নলকূপ এবং ৭ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আনোয়ারুল ইসলাম আনু বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা। দরিদ্র ও অসহায় মানুষের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। সিংড়ার উন্নয়নে প্রয়োজনীয় প্রতিটি উদ্যোগ গ্রহণে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পরে তিনি উপকারভোগীদের হাতে ২৫টি সেলাই মেশিন, ২২টি তারা-২ নলকূপ এবং মোট ৭ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন। এ সময় সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান এবং উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ইঞ্জিনিয়ার মিঠুন কুণ্ডু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক শরিফুল ইসলাম বুলবুল, সাবেক ইউপি চেয়ারম্যান আফছার আলী, বজলার রহমান বাচ্চু, শাহাদত হোসেন ও ইব্রাহিম খলিল ফটিক, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি শাহাদত হোসেন মিন্টুসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।






















