ইতালিতে পাঠানোর প্রলোভনে লিবিয়ায় নিয়ে নির্যাতন, মানবপাচার মামলায় আসামি গ্রেপ্তার
ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন এবং ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগে দায়ের করা মানবপাচার মামলায় মো. জুলহাস সরদার (৫০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
গ্রেপ্তার জুলহাস সরদারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মানবপাচার-সংক্রান্ত ১৬টি মামলা রয়েছে বলে জানা গেছে। বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে ১০ দিনের পুলিশ রিমান্ড আবেদন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মানবপাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে।






















