বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা,সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার টাকা
২০২৭ সালের হজ উপলক্ষে বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। প্যাকেজগুলোর মধ্যে সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা এবং সর্বোচ্চ ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা।
বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার প্যাকেজগুলোর বিস্তারিত তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, খাওয়া ও কোরবানির সুবিধাসহ তিনটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিশেষ প্যাকেজের খরচ ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজের খরচ ৫ লাখ ৯৫ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা।
গত বছরের তুলনায় এবার তিনটি প্যাকেজের খরচই বেড়েছে। ২০২৬ সালে বিশেষ প্যাকেজের মূল্য ছিল ৭ লাখ ৫০ হাজার টাকা, সাধারণ প্যাকেজ ৫ লাখ ২৩ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজ ৫ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে এবার বিশেষ প্যাকেজে ৪১ হাজার ৬০ টাকা, সাধারণ প্যাকেজে ৭২ হাজার টাকা এবং সাশ্রয়ী প্যাকেজে ৩ হাজার ৫৪৫ টাকা ব্যয় বেড়েছে।
অন্যদিকে, সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ-১ ও হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী) নামে দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রীর উদ্যোগে ২০২৬ সালের তুলনায় বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছে।
সরকারি ঘোষণায় হজ প্যাকেজ-১-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)-এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ২০২৭ সালের হজ প্যাকেজ ও হজ ব্যবস্থাপনা সংক্রান্ত গাইডলাইন ঘোষণা করেন।


























