হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৩৭
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৭ শিশু। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
বুধবার (২২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৩ শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গজনিত রোগী শনাক্ত হয়েছে ৯০৪ জন। এ সময়ে ৮৩৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ৮৮৩ শিশু ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৭০৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার ৩৫২ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮৪১ জনের। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩ হাজার ৭৮ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ৯৯ হাজার ২৯৪ জন।
সূত্র: ইউএনবি



























