বান্দরবানে জেলা কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ করা হয়েছে। চলতি মৌসুমে সারাদেশে একযোগে ৮ লাখ বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান জেলা কৃষকদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বান্দরবান পৌরসভার বালাঘাটা এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা কৃষকদলের সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ও সাংগঠনিক সম্পাদক অহিদুর রহমান চৌধুরী মেহেদীসহ জেলা, উপজেলা ও পৌর কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন। এ লক্ষ্যেই কৃষকদলের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তারা আরও বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও নিবিড়ভাবে জড়িত। তাই বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় নেতৃবৃন্দ স্থানীয় পর্যায়ে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সাধারণ মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানান।
আয়োজনে: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, বান্দরবান জেলা।






















