বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে মাভাবিপ্রবি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আইসিটি বিভাগের ২২তম ব্যাচের এক শিক্ষার্থীর ছাদ থেকে নিচে পড়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই আকস্মিক ও হৃদয়বিদারক ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে এবং শিক্ষার্থী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী সহপাঠীরা জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন আরিফনগর এলাকার খাজা ছাত্রাবাসে রাত আনুমানিক ১০টা নাগাদ তারা কয়েকজন সহপাঠী ৩য় তলার নিজস্ব রুমের বারান্দায় আড্ডা দেওয়ার সময় হটাৎ নিহত শিক্ষার্থীর হাত পাশে থাকা মেইন কারেন্ট লাইনের তাঁরে লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হোন এবং বারান্দায় রেলিং না থাকায় পাশে থাকা পুকুরে পরে যান। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর নাম মনিরুজ্জামান মনির। তিনি আইসিটি বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে তিনি ১ম বর্ষ ২য় সেমিস্টারে অধ্যয়নরত ছিলেন। তার গ্রামের বাসা দিনাজপুর জেলার বিরল উপজেলায় মির্জাপুর গ্রামে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইসিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনির মোর্শেদ জানান, শিক্ষার্থীরা আমাকে ঘটনাটি জানালে দ্রত আমি হসপিটালে যাই। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সান্ত্বনা দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের সহযোগিতায় মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার বিশ্ববিদ্যালয়ে ১দিনের শোক ঘোষণা করা হবে।
দায়িত্বরত পুলিশ ফাঁড়ির সদস্য রাহেদুল ইসলাম জানান, আমরা হসপিটাল এসে লাশ পর্যবেক্ষণ করেছি। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের জবানবন্দি নেওয়া হয়েছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবার আসার পর তারা চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ক্যাম্পাসের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি অভিযোগ দেওয়ার পরও কেন বারান্দায় রেলিং দেয়নি মালিকপক্ষ তার সুষ্ঠু তদন্ত দাবি করেন।






















