এমপি মোস্তফা কামাল পাশার নির্দেশনায় গুপ্তছড়া ফেরিঘাটে স্বস্তির বার্তা
এমপি মোস্তফা কামাল পাশার নির্দেশনায় এক সপ্তাহের মধ্যে শুরু হচ্ছে প্রটেকশন ওয়ার্ক, নিয়মিত ড্রেজিংয়ের সিদ্ধান্ত।
দীর্ঘদিনের নাব্যতা সংকট, নদীভাঙন এবং ফেরি চলাচলে নানা প্রতিবন্ধকতায় ভোগা সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাটের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশা-এর নির্দেশনায় শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় গুপ্তছড়া ফেরিঘাটে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (BIWTA) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (BIWTC)-এর সমন্বয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফেরিঘাটের নাব্যতা রক্ষায় নিয়মিত ড্রেজিং কার্যক্রম চালিয়ে যাওয়া, নদীভাঙন ঠেকাতে জিও ব্যাগ স্থাপন এবং স্থায়ী সুরক্ষা নিশ্চিত করতে প্রটেকশন ওয়ার্ক দ্রুত বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে আগামী এক সপ্তাহের মধ্যে প্রটেকশন ওয়ার্ক শুরু করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে গুপ্তছড়া ফেরিঘাটের দীর্ঘদিনের নাব্যতা সংকট, ফেরি চলাচলে বিঘ্ন এবং নদীভাঙনের ঝুঁকি অনেকাংশে কমে আসবে। এতে সন্দ্বীপ-চট্টগ্রাম নৌপথে প্রতিদিন চলাচলকারী হাজারো যাত্রী ও যানবাহন সরাসরি উপকৃত হবে।
জরুরি সভায় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দ আরশাদ আলী, উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল আহমেদ ও আরিফুর রহমান, BIWTA চট্টগ্রামের কারিগরি সহকারী (পুর) মো. সবুজ আলী, পানি উন্নয়ন বোর্ড সন্দ্বীপের কার্য সহকারী রুবেল বর্ধন, BIWTA-এর কনসালট্যান্ট অ্যান্ড ফিল্ড ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, মাননীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মাস্টার আবুল কাশেম, ফেরি কপোতাক্ষ-এর মাস্টার ইনচার্জ সাইফুল আলম এবং জিও ব্যাগ স্থাপনকারী প্রতিষ্ঠান PDL-এর প্রতিনিধি মো. সাদিকুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুপ্তছড়া ফেরিঘাটকে নিরাপদ, টেকসই ও আধুনিক সেবায় উপযোগী করে তুলতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করবে। গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ফেরিঘাটের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।






















