সন্দ্বীপে বর্ণাঢ্য র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
“পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম”এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের সন্দ্বীপে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এতে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হাওলাদার, উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর । এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার প্রতিনিধিবৃন্দ, বিএনপি ও জামায়াতের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে সড়ক ও জনসমাগমস্থল থেকে ময়লা-আবর্জনা অপসারণ, আগাছা পরিষ্কার এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অংশগ্রহণকারীরা জনগণকে যেখানে-সেখানে ময়লা না ফেলা, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান।
আয়োজকরা বলেন, একটি পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক সাতকানিয়া গড়ে তুলতে শুধু একদিনের কর্মসূচি যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীলতা। ভবিষ্যতেও এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে তারা জানান।
জানা যায়, “পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম” কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
স্থানীয়দের মতে, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তারা এ কর্মসূচিকে স্বাগত জানিয়ে পরিচ্ছন্ন ও নান্দনিক সাতকানিয়া গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান।
























