রাঙ্গাবালীতে তিন লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী ও বেহুন্দি জাল ধ্বংস
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ইলিশসহ অন্যান্য মাছের নিরাপদ প্রজনন ও সংরক্ষণে অভিযান চালিয়ে প্রায় তিন লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও বেহুন্দি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল হাসান-এর দিকনির্দেশনায় উপজেলা মৎস্য দপ্তর ও রাঙ্গাবালী থানা পুলিশের যৌথ উদ্যোগে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী, গহিনখালী, হরিদ্রাখালী, সাজির হাওলা, কাউখালী, নয়াভাংগুনি ও ফুলখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে অবৈধ চায়না দুয়ারী জাল ও বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল হাসান জনসম্মুখে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা। অবৈধ এসব জাল ব্যবহারের ফলে মা মাছ ও ছোট মাছ নির্বিচারে নিধন হওয়ায় নদ-নদীর মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ে। তাই মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন


























