চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
যুগ্ম সচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, তত দিন পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন। উপাচার্য হিসেবে তিনি তাঁর মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এ ছাড়া রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে, ২০২৪ সালের ৩০ অক্টোবর চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া।
তাঁর দায়িত্ব পালনের প্রায় এক বছর নয় মাসের মাথায় চুয়েটে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হলো।























