মৌলভীবাজারে ৫০০ টাকা মজুরি ভূমির অধিকার ও ইউনিয়ন নির্বাচন দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ
দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ স্থায়ী ভূমির অধিকার, উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং দীর্ঘদিন ধরে স্থগিত থাকা চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে মৌলভীবাজারে গণবিক্ষোভ করেছেন চা শ্রমিকরা।
সোমবার (২৭ জুলাই) রাজনগর চা বাগানে আয়োজিত এ গণবিক্ষোভে বিভিন্ন চা বাগানের শ্রমিকরা অংশ নেন। বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন. বর্তমানে মাত্র ১৮৭ টাকা দৈনিক মজুরিতে চা শ্রমিকদের জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এ মজুরিতে একটি পরিবারের ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব নয়। ফলে শিক্ষা চিকিৎসা, বাসস্থান ও পুষ্টিসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা।
বক্তারা বলেন, চা শ্রমিকদের প্রজন্মের পর প্রজন্ম বাগানে বসবাস করলেও এখনো স্থায়ী ভূমির মালিকানা নিশ্চিত হয়নি। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসুবিধারও ঘাটতি রয়েছে। তাই অবিলম্বে চা শ্রমিকদের স্থায়ী ভূমির অধিকার নিশ্চিত করা, উন্নত চিকিৎসাসেবা প্রদান এবং দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন নানা অজুহাতে দীর্ঘদিন ধরে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন বিলম্বিত করা হচ্ছে। অথচ শ্রমিকদের অধিকার আদায় সমস্যা সমাধান এবং মালিকপক্ষের সঙ্গে সমঝোতায় ইউনিয়নের কার্যকর ভূমিকা রয়েছে। নির্বাচন দীর্ঘদিন ধরে স্থগিত থাকায় চা বাগানগুলো নেতৃত্বশূন্য হয়ে পড়ছে এবং শ্রমিকদের ন্যায্য দাবিগুলো উপেক্ষিত হচ্ছে।
গণবিক্ষোভ-পরবর্তী সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশি বাংলাদেশ চা শ্রমিক নারী ফোরামের আহ্বায়ক গীতা রানী কানু বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু নুনিয়া চা শ্রমিক বাসন্তী রবিদাস দুলন অলমিকসহ অন্যান্য নেতারা।
সমাবেশ থেকে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চা শ্রমিকদের মানবিক জীবন নিশ্চিত করতে দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ স্থায়ী ভূমির অধিকার প্রদান মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা দ্রুত চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন আয়োজন এবং রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সহায়তা প্রদান করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন চা শ্রমিক নেতারা।
























