রাজবাড়ীতে ট্রেনের ওয়াগনের ধাক্কায় বাস-মাহেন্দ্র দুমড়ে, নিহত ২
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে তেলবাহী মালবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া ওয়াগনের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহেন্দ্র ও একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামের মালেক শেখ (৪৫) এবং রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ব্র্যাকপাড়া এলাকার মনোয়ার হোসেন পাটোয়ারী (৫০)। তারা দুজনই মাহেন্দ্রার যাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর পাওয়ার প্লান্টে জ্বালানি তেল সরবরাহ শেষে প্রায় ৩০টি ওয়াগন নিয়ে একটি তেলবাহী মালবাহী ট্রেন রাজবাড়ীর দিকে ফিরছিল। খানখানাপুর রেলগেটের কাছে পৌঁছানোর আগেই ট্রেনটির পেছনের কয়েকটি ওয়াগন মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সামনের অংশ চলে যাওয়ার পর ট্রেন পার হয়ে গেছে মনে করে রেলগেট খুলে দেওয়া হয়। ঠিক সেই সময় রেললাইন পার হওয়ার চেষ্টা করা একটি যাত্রীবাহী বাস, একটি মাহেন্দ্র ও একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বিচ্ছিন্ন ওয়াগনগুলোর সংঘর্ষ হয়।
সংঘর্ষে তিনটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয়। মাহেন্দ্রটি ছিটকে সামনে গিয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করলে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আহতদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দুর্ঘটনার পর রাজবাড়ী-ঢাকা রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্র, আহলাদীপুর হাইওয়ে থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও রাজবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান ও পরিস্থিতি নিয়ন্ত্রণে অংশ নেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামীম মোল্লা জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ট্রেনের পেছনের কয়েকটি ওয়াগন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর সেটি বুঝতে না পেরে রেলগেট খুলে দেওয়া হয়েছিল। ফলে রেললাইন পার হওয়ার সময় বাস, মাহেন্দ্র ও অটোরিকশাটি বিচ্ছিন্ন ওয়াগনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

























