পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের চারা উপহার দিলেন শামীমা শীলা
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করেছেন ঢাকা জেলা মহিলা দলের সভাপতি ও দোহার উপজেলার প্রাক্তন ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম শীলা।
আজ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, দিনব্যাপী এক বিশেষ কর্মসূচির মাধ্যমে তিনি স্থানীয় কয়েকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা নিজ হাতে তুলে দেন।
আজ জয়পাড়া আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয়, নারিশা বালিকা উচ্চ বিদ্যালয়, ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয় ও জয়পাড়া কলেজে গাছের চারা রোপণ করেন।
চারা বিতরণকালে শামীমা রাহিম শীলা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “একটি গাছ কেবল আমাদের অক্সিজেনই দেয় না, এটি একটি ভবিষ্যতের অমূল্য সম্পদ। জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব আজ পুরো বিশ্বে দেখা যাচ্ছে, তা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় বেশি বেশি গাছ লাগানো। প্রতিটি শিক্ষার্থীর উচিত নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ির আঙিনায় অন্তত একটি করে গাছ লাগানো এবং তার সঠিক যত্ন নেওয়া।”
কর্মসূচিতে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকমণ্ডলী এই ধরনের সামাজিক উদ্যোগের প্রশংসা করেন। তারা জানান, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ সচেতন করে গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। চারা গ্রহণের পর শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত মনে নিজেদের ক্যাম্পাসে ও বাড়ির আঙিনায় চারাগুলোর রোপণ ও পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করে।
























