সন্দ্বীপে অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্সহীন ব্যবসায় ৩ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামের সন্দ্বীপে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা কমপ্লেক্স এলাকায় সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন-এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে ক্যাফে আনোয়ারা-এর মালিককে ৫০ হাজার টাকা, হাজী বিরিয়ানি-এর মালিককে ২৫ হাজার টাকা এবং মেসার্স বেলাল ফল বিতান-কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সন্দ্বীপ থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করা, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং ব্যবসা প্রতিষ্ঠানে আইন মেনে কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

























