বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং
বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চিংফেং ঝাং। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এডিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে সংস্থাটির অন্যতম বৃহৎ দেশভিত্তিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন চিংফেং ঝাং। তিনি বাংলাদেশ সরকারের সঙ্গে এডিবির দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করা, উন্নয়ন সহযোগীদের সঙ্গে কৌশলগত নীতিসংলাপে নেতৃত্ব দেওয়া এবং বাংলাদেশের জন্য এডিবির পরবর্তী উন্নয়ন কৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
দায়িত্ব গ্রহণের পর চিংফেং ঝাং বলেন, বাংলাদেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ এক সময়ে এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করতে পেরে তিনি গর্বিত। তিনি বলেন, গত কয়েক দশকে নানা বৈশ্বিক ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে।
তিনি আরও বলেন, মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি, দুর্যোগ ও জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে এডিবি। উন্নত অর্থায়ন ব্যবস্থা, জ্ঞানভিত্তিক সমাধান এবং কার্যকর বিনিয়োগের মাধ্যমে এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এডিবির তথ্য অনুযায়ী, টেকসই উন্নয়ন খাতে চিংফেং ঝাংয়ের ৩০ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে ২০ বছরের বেশি সময় তিনি এডিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কৃষি, খাদ্যব্যবস্থা, পানি সম্পদ, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ এবং গ্রামীণ উন্নয়ন খাতে বিভিন্ন কৌশলগত কর্মসূচি ও রূপান্তরমূলক উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন তিনি। এছাড়া সরকার, উন্নয়ন সহযোগী, শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের সঙ্গে কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রেও তাঁর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
বাংলাদেশে দায়িত্ব নেওয়ার আগে তিনি এডিবির অ্যাগ্রিকালচার, ফুড, নেচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সেক্টর অফিসের সিনিয়র ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। ওই পদে তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এগিয়ে নিতে এডিবির বিভিন্ন কৌশলগত কার্যক্রম পরিচালনা করেন।
চীনের নাগরিক চিংফেং ঝাং সিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ প্রকৌশলে ডক্টরেট, সিচুয়ান বিশ্ববিদ্যালয় থেকে পানি সম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর এবং হাইড্রোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি হার্ভার্ড বিজনেস স্কুলে বিশেষায়িত পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
এডিবি জানায়, ১৯৭৩ সালে বাংলাদেশ সংস্থাটির সদস্যপদ লাভ করে। চলতি বছরের জুলাই পর্যন্ত বাংলাদেশে এডিবির সরকারি ও বেসরকারি খাতের চলমান অনুদান ও প্রকল্প অর্থায়নের পরিমাণ প্রায় ১২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। এ পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে প্রায় ৪৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ ও অনুদান অনুমোদন করেছে সংস্থাটি।
আগামী কয়েক বছরে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ এবং মানুষের জীবনমান উন্নয়নে প্রতি বছর প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা অনুমোদনের পরিকল্পনা রয়েছে এডিবির।



























