বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু
বান্দরবানের রুমা উপজেলার বগালেক-কেউক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে দুর্গম পাহাড়ি সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভোলা জেলার বাসিন্দা মো. জামির উদ্দিন (৩২) এবং ঢাকার বাসিন্দা রোকাইয়া আক্তার (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে তারা বগালেক ভ্রমণে যান। দলের অন্য সদস্যরা রাতের জন্য কটেজে অবস্থান করলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার মোটরসাইকেলে কেউক্রাডংয়ের উদ্দেশে রওনা হন। স্থানীয় বাসিন্দারা রাতের বেলা দুর্গম পাহাড়ি সড়কে চলাচল না করার পরামর্শ দিলেও তারা সেই সতর্কতা উপেক্ষা করে যাত্রা অব্যাহত রাখেন বলে অভিযোগ রয়েছে।
ফেরার পথে বগালেক-কেউক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় খাড়া ও আঁকাবাঁকা পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেটি গভীর খাদে পড়ে যায়। এতে দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রুমা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পাহাড়ি পর্যটন এলাকায় ভ্রমণকারীদের প্রতি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। বিশেষ করে রাতের বেলা দুর্গম পাহাড়ি সড়কে মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বগালেক ও কেউক্রাডংয়ের সংযোগ সড়কটি খাড়া বাঁক, সংকীর্ণ পথ এবং গভীর খাদসংবলিত হওয়ায় বরাবরই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। বর্ষাকালে সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।


















