বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর উদ্যোগ সরকারের, দ্রুত চালু হবে টাঙ্গাইল কটন মিল: প্রতিমন্ত্রী
দেশের রাষ্ট্রায়ত্ত বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরে প্রায় ২৯ বছর ধরে বন্ধ থাকা ঐতিহ্যবাহী টাঙ্গাইল কটন মিল দ্রুত চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
শনিবার (১ আগস্ট) সকালে মির্জাপুরে অবস্থিত টাঙ্গাইল কটন মিল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানাগুলো পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনতে কাজ করছে। মির্জাপুরের টাঙ্গাইল কটন মিলও অল্প সময়ের মধ্যে চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, মির্জাপুরে বেশ কয়েকটি ঐতিহ্যবাহী শিল্প ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় এসব প্রতিষ্ঠানকে আরও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে।
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে শরীফুল আলম বলেন, বর্তমান সরকার স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করছে। বিশেষ করে সৌরবিদ্যুৎ (সোলার) ব্যবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা নির্বিঘ্নে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারেন।
বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) সচিব ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসাইন জানান, স্বাধীনতার আগে প্রায় ২৫ একর জমির ওপর টাঙ্গাইল কটন মিল প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৭২ সালে রাষ্ট্রপতির ২৭ নম্বর আদেশের মাধ্যমে এটি জাতীয়করণ করা হয়।
তিনি বলেন, ১৯৮২ সাল পর্যন্ত বিটিএমসির ব্যবস্থাপনায় কারখানাটি পরিচালিত হয়। এরপর ১৯৯৮ সাল পর্যন্ত ইজারা ও অন্যান্য ব্যবস্থাপনায় চালু থাকলেও ওই বছর থেকে এটি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
পরিদর্শনকালে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির নেতাসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



























