বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, শিগগিরই আসছে প্রতিনিধি দল: সার্জিও গর
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। সম্ভাব্য বিনিয়োগের খাতগুলো পর্যালোচনার জন্য আগামী সপ্তাহেই মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।
শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা বাংলাদেশ সফর করে বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করবেন। সফর শেষে তারা সরকারের সঙ্গে বৈঠক করে সম্ভাব্য বিনিয়োগ ক্ষেত্র নিয়ে আলোচনা করবেন।
বিশেষ দূত বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে খুব ভালো একটি বৈঠক হয়েছে। যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান দেয়। আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে।”
তিনি আরও বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) শিথিল করেছে, যাতে পর্যটক ও বিনিয়োগকারীরা বাংলাদেশে আসতে আরও উৎসাহিত হন।
সার্জিও গরের ভাষ্য, আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসা মার্কিন কোম্পানিগুলোর প্রতিনিধি দল সম্ভাব্য বিনিয়োগের বিভিন্ন খাত পরিদর্শন করবে। ওষুধ শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করা এবং নতুন পর্যায়ে নিয়ে যাওয়া।”
উল্লেখ্য, গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সফরের প্রথম দিন তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। ৩১ জুলাই কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনের পর শনিবার সকালে সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।






















