মহাদেবপুরে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১২ জন গ্রেফতার, জব্দ ১৩০ লিটার চোলাই মদ ও ৮৪ পিস টাপেন্টাডল
নওগাঁ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদক নির্মূলে পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানার উদ্যোগে গত ২৪ ঘণ্টায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতায় বিভিন্ন স্থান থেকে একাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ মাদক ও মাদক তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।
অভিযানে ১০ লিটার চোলাই মদসহ এক নারী মাদক ব্যবসায়ী, ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী, ৩৪ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আরও এক মাদক ব্যবসায়ী এবং ১২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (জাওয়া)সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া নিয়মিত মামলায় আরও একজন আসামিকে আটক করা হয়েছে।
অন্যদিকে, ভ্রাম্যমাণ আদালতে মাদক-সংশ্লিষ্ট অপরাধে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৭ জনসহ মোট ১২ জন আসামিকে পুলিশি প্রহরায় আজ আদালতে প্রেরণ করা হয়েছে।
মহাদেবপুর থানা পুলিশ জানায়, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।






















