লন্ডনের মঞ্চে একসঙ্গে গান গাইবেন নচিকেতা ও জয় শাহরিয়ার
বাংলা গানের জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী ও বাংলাদেশের সংগীতশিল্পী জয় শাহরিয়ারের দীর্ঘদিনের সুরের বন্ধন এবার ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক মঞ্চে। আগামী ২৩ আগস্ট যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মেগা কনসার্ট ২০২৬’-এ একসঙ্গে পারফর্ম করবেন এই দুই শিল্পী।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে নচিকেতা ও জয় শাহরিয়ারের দ্বৈত অ্যালবাম ‘তথাগত’ প্রকাশিত হয়। সাত গানের ওই অ্যালবামের সুর করেছিলেন জয় শাহরিয়ার নিজেই। এছাড়া ঢাকার বিভিন্ন মঞ্চেও একাধিকবার একসঙ্গে কনসার্ট করেছেন তারা।
সম্প্রতি জয় শাহরিয়ার কলকাতায় গিয়ে নচিকেতা চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশের পর থেকেই দুই শিল্পীর নতুন কোনো কাজ নিয়ে ভক্তদের মধ্যে নানা জল্পনা শুরু হয়।
অবশেষে সোমবার (৩ আগস্ট) রাতে সেই জল্পনার আংশিক অবসান ঘটান জয় শাহরিয়ার। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, এবার ঢাকায় নয়, বরং যুক্তরাজ্যের লন্ডনে একই মঞ্চে গান পরিবেশন করবেন তারা। আইওএন টিভি আয়োজিত ‘মেগা কনসার্ট ২০২৬’-এ অংশ নেবেন নচিকেতা ও জয় শাহরিয়ার।
আগামী ২৩ আগস্ট লন্ডনের রয়্যাল রিজেন্সি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। এ উপলক্ষে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে লন্ডনপ্রবাসী বাংলা গানের শ্রোতাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন জয় শাহরিয়ার।
এই ঘোষণার পর সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই সামাজিক মাধ্যমে মন্তব্য করে জানিয়েছেন, বিদেশের মঞ্চে ভারতীয় ও বাংলাদেশি শিল্পীর এমন যৌথ আয়োজন দুই বাংলার সংগীতপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।

























