ইরানে ক্যানসার চিকিৎসায় নতুন মাইলফলক
ক্যানসারের চিকিৎসার কারণে ভবিষ্যতে সন্তান ধারণের সক্ষমতা হারানোর ঝুঁকিতে থাকা দুই শিশুকন্যার প্রজননক্ষমতা সংরক্ষণে উল্লেখযোগ্য সাফল্যের দাবি করেছেন ইরানের চিকিৎসকরা। দেশটির রোয়ান ইনস্টিটিউট জানিয়েছে, বিশেষ এক অস্ত্রোপচারের মাধ্যমে দুই রোগীর ডিম্বাশয়ের কার্যকারিতা অক্ষুণ্ন রাখা সম্ভব হয়েছে।
ইনস্টিটিউটের এক বিবৃতিতে বলা হয়, ইউইং সারকোমা নামে বিরল ধরনের ক্যানসারে আক্রান্ত বয়ঃসন্ধির আগের দুই শিশুর শরীরে পেলভিক রেডিওথেরাপি শুরুর আগে ল্যাপারোস্কোপিক ওভেরিয়ান ট্রান্সপজিশন পদ্ধতিতে অস্ত্রোপচার করা হয়। এ পদ্ধতিতে ডিম্বাশয়কে রেডিওথেরাপির বিকিরণক্ষেত্রের বাইরে সরিয়ে নেওয়া হয়, যাতে চিকিৎসার সময় বিকিরণের ক্ষতিকর প্রভাব থেকে এটি সুরক্ষিত থাকে।
চিকিৎসার তিন বছর পর পর্যবেক্ষণে দেখা গেছে, দুই শিশুরই ডিম্বাশয় স্বাভাবিকভাবে কাজ করছে। তারা স্বাভাবিকভাবে বয়ঃসন্ধিতে প্রবেশ করেছে এবং নিয়মিত মাসিকও শুরু হয়েছে। চিকিৎসকদের মতে, এটি ভবিষ্যৎ প্রজননক্ষমতা সংরক্ষণে দীর্ঘমেয়াদি সাফল্যের গুরুত্বপূর্ণ প্রমাণ।
রোয়ান ইনস্টিটিউটের বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ও স্ত্রীরোগ চিকিৎসক ডা. ফিরোজেহ গাফফারি বলেন, পেলভিক রেডিওথেরাপি ডিম্বাশয়ের স্থায়ী ক্ষতি করতে পারে। যথাযথ ব্যবস্থা না নিলে অনেক রোগীর ক্ষেত্রে অকালেই ডিম্বাশয়ের কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং ভবিষ্যতে সন্তান ধারণের সক্ষমতা হারানোর ঝুঁকি তৈরি হয়।
তিনি জানান, দুই রোগীই ক্যানসার শনাক্ত হওয়ার সময় বয়ঃসন্ধির আগের পর্যায়ে ছিল এবং তাদের পেলভিক রেডিওথেরাপি প্রয়োজন ছিল। চিকিৎসা শুরুর আগে অস্ত্রোপচারের মাধ্যমে ডিম্বাশয় বিকিরণক্ষেত্রের বাইরে সরিয়ে নেওয়ায় এর স্বাভাবিক কার্যকারিতা সংরক্ষণ করা সম্ভব হয়েছে।
ডা. গাফফারির ভাষ্য, এই অস্ত্রোপচার না করা হলে দুই শিশুরই স্থায়ীভাবে ডিম্বাশয়ের কার্যকারিতা নষ্ট হওয়ার এবং ভবিষ্যতে সন্তান ধারণের ক্ষমতা হারানোর আশঙ্কা ছিল।
তিনি আরও বলেন, ক্যানসার চিকিৎসায় উন্নতির ফলে এখন অনেক রোগী দীর্ঘদিন বেঁচে থাকছেন। তাই বিশেষ করে শিশু ও কিশোর-কিশোরীদের ক্ষেত্রে ক্যানসারের চিকিৎসার পাশাপাশি ভবিষ্যৎ প্রজননক্ষমতা সংরক্ষণও সমান গুরুত্ব পাচ্ছে।
তার ভাষায়, “আমাদের দায়িত্ব শুধু ক্যানসার চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ নয়; রোগীর ভবিষ্যৎ জীবনমান এবং জৈবিকভাবে সন্তান নেওয়ার সম্ভাবনাও রক্ষা করা জরুরি।”
রোয়ান ইনস্টিটিউটের মতে, এই সাফল্য অনকোফার্টিলিটি—অর্থাৎ ক্যানসার চিকিৎসা ও প্রজনন চিকিৎসার সমন্বিত ক্ষেত্র—এ তাদের সক্ষমতার নতুন মাইলফলক। একই সঙ্গে এটি শিশু ক্যানসার রোগীদের চিকিৎসায় প্রজননস্বাস্থ্য সংরক্ষণের গুরুত্বও নতুন করে সামনে এনেছে।






















