শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার: শামা ওবায়েদ
গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থায় ধস নেমেছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এ কারণে এবারের বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা খাতে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা অডিটরিয়ামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, দেশের জন্য যেমন শিক্ষার প্রয়োজন, তেমনি প্রয়োজন কর্মসংস্থানের। তাই সন্তানরা যাতে কারিগরি শিক্ষা নিয়ে দেশ-বিদেশে কাজ করতে পারে, সরকার সে ব্যবস্থা করছে।
তিনি বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া। তিনি মেয়েদের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা ফ্রি করে সবার দ্বারে দ্বারে শিক্ষার সুযোগ পৌঁছে দিয়েছিলেন। তার সুযোগ্য পুত্র ও উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান সেই শিক্ষা আরও চার বছর বাড়িয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত নিয়ে গেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সন্তানদের মানুষ করতে এবং তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। এ জন্য মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি সন্তানদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী করতে হবে, যাতে তারা যোগ্য মানুষ হয়ে দেশ পরিচালনায় সহযোগিতা করতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন। সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শাহিনুল ইসলাম।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা সুলতানা, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ, সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান, উপজেলা শিক্ষা অফিসার তাশেম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা এনায়েত হোসেন ও হাসান আশরাফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























