বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছে ভারতের ১৮ সদস্যের প্রতিনিধিদল
দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ভারতের শীর্ষ শিল্প সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) ১৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকা সফরে আসছে।
সোমবার (১৭ আগস্ট) প্রতিনিধিদলটি ঢাকায় আসবে বলে জানা গেছে। সফরকে সামনে রেখে একটি অগ্রবর্তী দল ইতোমধ্যে ঢাকায় এসে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে বলে জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও ভারতের শিল্প সংগঠনের কর্মকর্তারা।
সফরকালে ভারতীয় প্রতিনিধিদলটি বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে।
এ ছাড়া এফবিসিসিআই এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কর্মকর্তাদের সঙ্গেও প্রতিনিধিদলের বৈঠক করার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, গত দুই বছরে দুই দেশের আরোপ করা বিভিন্ন বন্দরসংক্রান্ত বিধি-নিষেধের কারণে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যবসায়ীদের মধ্যে নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের ঢাকা সফরকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
সফরে ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান বাধা দূর করা, বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।






















