কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজানিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলায় একটি ড্রোন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দপ্তরে এবং আরেকটি কুর্দিস্তানের গোয়েন্দা প্রধানের বাড়িতে আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কুর্দিস্তানের সন্ত্রাসবিরোধী অধিদপ্তর হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, হামলার পর ঘটনাস্থলগুলোতে তদন্ত চালানো হয়েছে এবং হামলায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাসরুর বারজানি বলেন, কুর্দিস্তানের সন্ত্রাসবিরোধী ইউনিটের তদন্তে তার ব্যক্তিগত অফিস ও গোয়েন্দা প্রধানের বাড়িতে ইরানের ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত হয়েছে। তিনি এই হামলাকে ‘ঝুঁকিপূর্ণ উত্তেজনা বৃদ্ধি’ এবং কুর্দিস্তান অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলকে একাধিকবার লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের আশঙ্কা, কুর্দিস্তান অঞ্চল ব্যবহার করে কুর্দি যোদ্ধারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে ইরানে স্থল অভিযান চালাতে পারে।
ইরান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, কুর্দিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রক্ষা করে। সংবাদমাধ্যম আলবাওবার তথ্য অনুযায়ী, কুর্দিস্তান অঞ্চলে ইরান ও তাদের মিত্রদের পক্ষ থেকে হাজার হাজার ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলার অন্যতম লক্ষ্য ছিল কুর্দিস্তানের রাজধানী ইরবিল।
এর আগে গত ১৭ জুলাই ইরবিলে চালানো একটি হামলায় নয়জন নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি বলেছে, এ ধরনের হামলা ইরাক ও ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন।
সূত্র: গালফ নিউজ



























