‘শেষবারের মতো বিএনপি জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছি’: মির্জা ফখরুল
‘আজকে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছি’—এমন আবেগঘন মন্তব্য করেছেন বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে মির্জা ফখরুল লেখেন, ‘প্রিয় নেতৃবৃন্দ, আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো “বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ” বলে বিদায় নিচ্ছি। আপনাদের বিশ্বস্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
এর আগে বুধবার বিকেলে জাতীয় সংসদে বিএনপির সংসদীয় দলের বৈঠকে বক্তব্য দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। দীর্ঘ রাজনৈতিক পথচলা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিজের সম্পর্কের স্মৃতিচারণ করতে গিয়ে একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন মির্জা ফখরুল। তাঁর আবেগঘন বক্তব্যে বৈঠকে উপস্থিত অন্য নেতারাও আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের কৌশল এবং দলের পরবর্তী সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান অংশগ্রহণকারী একাধিক সংসদ সদস্য।
বৈঠকে উপস্থিত লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বলেন, মির্জা ফখরুল দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় ও ঘটনার তিনি সাক্ষী। এর আগে তিনি সংসদ সদস্য ও মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে তিনি মহাসচিব হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।
তিনি আরও বলেন, দলের সর্বস্তরের নেতাকর্মীদের ভালোবাসা পেয়েছেন মির্জা ফখরুল। সভায় সহকর্মীদের উদ্দেশে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি আবেগ ধরে রাখতে পারেননি।
শাহাদাত হোসেন সেলিমের ভাষ্য অনুযায়ী, মির্জা ফখরুল বৈঠকে সবার কাছে দোয়া চান। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সেজন্য সহকর্মীদের কাছে ক্ষমাও প্রার্থনা করেন তিনি।
রাষ্ট্রপতি নির্বাচিত হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে মির্জা ফখরুল সবার দোয়া কামনা করেন।
তাঁর বিদায়ী বক্তব্য ও পরবর্তী ফেসবুক পোস্টে আবেগঘন বার্তা ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।


























